ভারতের মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগ অবশেষে আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। টুইটারের মাধ্যমে নিজের ৩৭ তম জন্মদিন শেবাগ জানিয়েছেন তিনি আইপিএলেও আর খেলবেন না।
অবসরপ্রাপ্তদের টুর্নামেন্ট দুবাইয়ের মাস্টার টি টোয়েন্টি লিগে শেবাগ খেলবেন এটা শোনা যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে শেবাগ অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তার কাছ থেকে। এদিকে ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’ নিজস্ব সূত্র ও শেবাগের ঘরোয়া ক্রিকেটের দল হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে জানায় শেবাগ অবসর নিচ্ছেন না। কিন্তু সব আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের ৩৭ তম জন্মদিনে টুইটারে দেওয়া এক পোস্টে নিজের অবসরের কথা নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, আমি সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম, আর আইপিএলেও খেলবো না।
প্রায় আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ওপেনিং ব্যাটসম্যান। সর্বশেষ ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হায়দারবাদে খেলেছিলেন তিনি। ভারতের হয়ে ১০৪ টি টেস্ট, ২৫১ টি ওয়ানডে ও ১৮ টি টি টোয়েন্টি খেলে ১৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করেছেন তিনি। টেস্টে ৮০ স্ট্রাইকরেটে ২৩ টি সেঞ্চুরি করেছেন যার দুটিই ট্রিপল সেঞ্চুরি। তিনি ভারতের ২০০৭ টি টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিলেও হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলা অব্যাহত রাখবেন তিনি। ক্রিকইনফো।