বিপিএল ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েজ’ বা লটারির তারিখ চার দিন এগিয়ে ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জালাল ইউনুস বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের বলেছিল ২৬ তারিখ একটু দেরি হয়ে যায়। দেশি ক্রিকেটারদেরসহ বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গোছানোর জন্য তারা সময় বেশি পাবে না। তাদের অনুরোধেই আমরা তারিখ এগিয়ে এনেছি।’
এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, এ সিদ্ধান্তের একটা বড় কারণ আগামী মাসের জিম্বাবুয়ে সিরিজও। তিনি বলেন, ‘আগামী ২ বা ৩ নভেম্বর হয়ত জিম্বাবুয়ে আসছে। ওই সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো আর জাতীয় ক্রিকেটারদের পাবে না। ক্রিকেটারদের সঙ্গে দলগুলো আলোচনা, বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপার আছে। এজন্য তাদের অনুরোধেই তারিখ এগিয়ে আনা হয়েছে।’