বিদেশি দুই নাগরিকের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ইতালিয়ান ও জাপানি নাগরিক হত্যাকারী, নেপথ্যের গডফাদার ও অর্থযোগানদাতাসহ দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খুলনা মহানগরীর পাঁচটি থানার আওয়ামী লীগ নেতারা।
 
মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সদর থানার আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
 
লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী একটি বিশেষ মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ মহলটি বিদেশি দাতাদের খুশি করতে নিজের দেশকে এমনকি আগামী প্রজন্মকে পিছিয়ে দিতেও কুণ্ঠাবোধ করছে না।’
 
বক্তব্যে আরো বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ও জাতির উন্নয়নে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তখন ৭১’র পরাজিত শত্রু ও ৭৫’র খুনিরা এক-হয়ে বিভিন্ন কায়দায় দেশে নাশকতা চালিয়ে যাচ্ছে।’
 
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর সংবিধান আমাদেরকেই রক্ষা করতে হবে।  এজন্য ওই সব খুনি, গডফাদার, অর্থদাতা ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
 
লিখিত বক্তব্য পাঠ শেষে সংবাদ সম্মেলনে নেতারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুই বিদেশি নাগরিক হত্যাকারী এবং পরিকল্পনাকারীসহ সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এতে দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শৈখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, খুলনা সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, খানজাহাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান, জামালউদ্দীন বাচ্চু ও রফিকুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।