লিবরা ইনফিউশনসের বন্ধক জমির নিলাম স্থগিত

 
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেডের ১৬৯ শতাংশ জমি, তিনটি বহুতল ভবন এবং কারখানার যন্ত্রপাতির নিলামপ্রক্রিয়া স্থগিত করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। কোম্পানির কাছ থেকে পাওনা আদায়ে ব্যর্থ হয়ে ১ অক্টোবর এ সব বিক্রি করে অর্থ আদায়ের জন্য নিলামের উদ্যোগ নেয় ব্যাংকটি। তবে উচ্চ আদালতের আদেশে নিলামপ্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
 
জানা গেছে—ব্যাংকের পক্ষ থেকে ঋণ পুনঃতফসিল-করণের সুযোগ দেয়া হলে তাও গ্রহণ করেনি কোম্পানিটি। তাই ঋণের অর্থ ফেরত পেতে লিবরা ইনফিউশনসের বন্ধক সম্পদ নিলামে তুলতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ। গত ১৯ অক্টোবর নিলামের দিন ধার্য ছিল।
 
এ দিকে, কোম্পানির সম্পদ নিলামে তোলার নোটিস পেয়ে তা স্থগিতে হাইকোর্টে রিট আবেদন করেন লিবরা ইনফিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ড. রওশন আলম। এ প্রেক্ষিতে উচ্চ আদালত স্থায়ী সম্পত্তি নিলামে আল-আরাফাহ্ ব্যাংকের নোটিসের কার্যকরতার ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন।
 
লিবরা ইনফিউশনসের দাবি—আল-আরাফাহ্ ব্যাংক প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগ-সুবিধা না দেয়নি এবং সময়মতো এলসি ছাড় না করায় কোম্পানিকে ক্ষতির শিকার হতে হয়েছে। তাই তারা ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককেও চিঠি দেয়া হয়েছে।