রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসলাম মহানগরীর হেতেম খাঁ এলাকার মৃত ইসলামের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যরামেডিকেল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ নিহতের খালাতো ভাই জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, সন্ধ্যায় আসলামকে একটি ঘটনার মীমাংসা করার জন্য বাড়ি থেকে লক্ষ্মীপুর এলাকায় ডেকে নিয়ে যায় তার খালাতো ভাই জাহিদ। সেখানে কোনো বিষয় নিয়ে বাক্বিতণ্ডার এক পর্যায়ে আসলামকে মারপিট করা হয়। গুরুতর আহত আসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।