বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা আব্দুল মাজেদ সরদার (৬৩) খুনের ঘটনার মাজেদেরে স্ত্রী ফেরদৌস খাতুন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার দিবাগত রাতে পৌনে ১০টার দিকে এ মামলা করা হয়। ৫জনের নাম উল্লেখ করে ও ৭-৮ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গত সোমবার দিবাগত রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের কালিকা প্রসাদ গ্রামের ডোবার গেটে রাস্তার পাশে জবাই করে মাজেদকে খুন করা হয়। আব্দুল মাজেদ সরদার রাজনগর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে এবং স্থানীয় রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিখিল মণ্ডল জানান, আব্দুল মাজেদ খুলনায় ক্রিসেন্ট জুট মিলে চাকরি করতেন। অবসরে যাবার পর তিনি গ্রামে এসে বসবাস শুরু করেন। সরকারি খালে অবৈধ বাঁধ অপসারনে তিনি ছিলেন সোচ্চার।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের মাথা ও চোখের কাছে ধারালো অস্ত্রের তিনটি আঘাত এবং শ্বাসনালী সম্পূর্ণ কেটে ফেলা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ ৭-৮ অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ছাড়াও জমি সংক্রান্ত বা রাজনৈতিক বিরোধের মত ঘটনার সম্ভাবনা মাথায় রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।