অলিভার জিরু ও মেসুত ওজিলের দ্বিতীয়ার্ধের দুই গোলে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ দল আর্সেনাল। একই দিনে ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ হারের শঙ্কায় থাকা আর্সেনাল প্রবল চাপ তৈরি করে জার্মানির চ্যাম্পিয়ন দলটির ওপর। কিন্তু প্রথমার্ধ দুই দলের কেউই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের রক্ষণ সামলানোর দিকেই বেশ মনোযোগ দিতে হয় আর্সেনালকে। জমাট রক্ষণের সঙ্গে চেকের দৃঢ়তায় সুবিধা করতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। এই অর্ধে আর্সেনালের প্রথম সত্যিকারের সুযোগকেই গোলে পরিণত করেন জিরু। সান্তি কাজরোলার ফ্রি কিক এগিয়ে এসে বিপদমুক্ত করতে চেয়েছিলেন নয়ার। পারেননি তিনি, সেই সুযোগে নিচু হেডে বল জালে পাঠান জিরুদ। হেড করার সময় বল তার হাতও বল স্পর্শ করে। পিছিয়ে পড়ার পর আরও মরিয়া হয়ে উঠে বায়ার্ন। কিন্তু আর্সেনালের প্রতিরোধ ভাঙতে পারেনি তারা। উল্টো যোগ করা সময়ে আরেকটি গোল হজম করে দলটি। ম্যাচের প্রথম সুযোগ হাতছাড়া করা ওজিল শেষ সুযোগটি কাজে লাগান।
IMG0
এদিকে নিজেদের গ্রুপ ম্যাচে গোলশূন্য ড্র করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। বরাবরের মতোই এই ম্যাচে ফলাফল আনতে ব্যর্থ হওয়ায় কোচ হোসে মরিনহো দোষ চাপিয়েছেন রেফারির ঘাড়ে! কিন্তু পরিসংখ্যান বলছে ম্যাচের বেশির ভাগ সময়েই এগিয়ে ছিল ইউক্রেনের দলটি। তাদের বলের দখল বেশি ছিল, সঠিক পাসের সংখ্যা ছিল চেলসি থেকে অনেক বেশি। চেলসি লক্ষ্যে শট নিয়েছে ৫ টি, কিয়েভ নিয়েছে ৪টি। আবার কিয়েভ কর্নার পেয়েছে ছয়টি, সেখানে চেলসি পেয়েছে ৪ টি। গোল ডটকম।