সংবাদ সংক্ষেপ

বটিয়াঘাটায় স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভা

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা উপজেলা স্বাস্থ্যসেবা ফোরামের এক সভা গতকাল মঙ্গলবার বেলা এগারটায় বটিয়াঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শেখ আব্দুল হামিদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বিবেক বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী সমন্বয়ক লিটন আহমেদ, রতন কুমার সাহা, ডা. মনোরঞ্জন মল্লিক, মিঠুন রায়, ডা. প্রদীপ বিশ্বাস, নগেন্দ্র নাথ মণ্ডল, আশালতা ঢালী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ফুলবাড়ীয়ায় ব্যানার পোস্টার অপসারণ অভিযান

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা ফুলবাড়ীয়া উপজেলায় ইসি’র নির্দেশনা উপেক্ষা করে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন নিজ দায়িত্বে অপসারণ না করায় তা অপসারণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার কামরুন্নাহার শেফা-এর নেতৃত্বে পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতায় উপজেলা সদরে এ অভিযান পরিচালিত হচ্ছে। উপজেলা সদরে অপসারণ কাজ শেষের পর প্রত্যন্ত অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার  মোস্তফা কামাল।

নাসিরনগরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা  নাসিরনগরে নিজ বাড়ির উঠান থেকে সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দম্পতি হলেন আলিয়ারা গ্রামের হারুন মিয়া (২৫) ও তার স্ত্রী মিনা আক্তার (২০)। প্রায় আড়াই মাস আগে আলিয়ারা গ্রামের আছন আলীর ছেলে হারুন মিয়ার সাথে একই ইউনিয়নের পূর্ব নরহা গ্রামের জামাল মিয়ার মেয়ে মিনা আক্তারের বিয়ে হয়। 

কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, প্রভাষক কুমকুম ভট্টাচার্য, প্রভাষক জগদ্বীশ কুণ্ড, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সহ-সভাপতি জাহানারা হাবিব প্রমুখ।

মাগুরায় অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু                 

মাগুরা প্রতিনিধি মাগুরায় অতিরিক্ত মদপানে মঙ্গলবার অনিক চক্রবর্তী নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের রতন চক্রবর্তীর ছেলে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। কাত্যায়নী পূজার বিজয়া দশমীর বিসর্জনের দিনে সোমবার রাতে অনিক অতিরিক্ত মদপান করে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আবারো

নৌকার কান্ডারি হতে চান বাদল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাতির জনক বঙ্গবন্ধুর সহচর আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট মজিবুর রহমানের সুযোগ্য পুত্র নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট শিল্পপতি সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তিগত সমস্যার কারণে নির্বাচন না করার এমন সিদ্ধান্তে দলীয় নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ হতাশায় পড়ে যান। কিন্তু দলীয় নেতা-কর্মীদের চাপ ও তৃণমূলের আগ্রহে শেষ মুহূর্তে ফয়জুর রহমান বাদল এমপি মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ায় নেতা-কর্মী সমর্থকসহ সর্বস্তরের মানুষের মধ্যে প্রাণচঞ্চল্য দেখা দিয়েছে এবং পাল্টে যাচ্ছে নির্বাচনের হিসাব-নিকাশ। তৃণমূলের জনবান্ধব এই নেতার দলীয় মনোনয়ন পাওয়া নিয়েও আশাবাদী হয়ে উঠেছেন তারা। ফলে এই আসনে তিনি আবারো নৌকার কাণ্ডারি হতে চান। দশম জাতীয় নির্বাচনে জাপা (এরশাদ) প্রার্থী কাজী মামুন আর রশিদকে বিপুল ভোটে পরাজিত করে এমপি হন তিনি। সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এলাকার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত ক্লিন ইমেজের মানুষ হিসেবে সন্ত্রাস দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে লড়াই করে সবার কাছে সুনাম অর্জনের পাশাপাশি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে  তৃণমূল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত করে ভোটের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। নির্বাচন প্রসঙ্গে ফয়জুর রহমান বাদল ইত্তেফাককে বলেন, একাত্তর আমাদের প্রেরণার উত্স। মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারা এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে রাজনীতি করি। আমি নিজের স্বার্থে রাজনীতি করি না, রাজনীতি করি সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দেশ, মাটি ও মানুষের জন্য। এলাকার জনগণই আমার রাজনীতির শক্তি। তাই মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি।

ময়মনসিংহ-১০ আওয়ামী লীগের মনোনয়ন

প্রত্যাশী যুবনেতা সামিউল আমিন

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-(১০) গফরগাঁও আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সামিউল আমিন। বীর মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনীর কমান্ডার ’৭৫-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদকারী কারা নির্যতিত আওয়ামী লীগ নেতা মরহুম শামছ উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র সামিউল আমিন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সাথে সম্পৃক্ত অছেন। যুবলীগ নেতা সামিউল আমিন বলেন, ময়মনসিংহ-১০,গফরগাঁও আসনে আমি মনোনয়নপত্র কিনেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিজয়ী হবো বলে আশা করি।

লালমোহনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

লালমোহন (ভোলা) সংবাদদাতা গতকাল মঙ্গলবার লালমোহনে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম শাহাবুদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, শাহজাহান মিয়াসহ আরো অনেকে।

শ্রীবরদীতে শিশুদের গ্র্যাজুয়েশন সমাবেশ

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশের লক্ষ্যে শ্রীবরদীতে গ্র্যাজুয়েশন সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৩ হতে ৫ বছর বয়সী শিশুদের প্রস্তুতিমূলক শিক্ষার সমাপনী উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মণ্ডল। এ সময় কেক কেটে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন তিনি। বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, তাঁতিহাটি ইউপি সদস্য গোলাম মোস্তফা ও সাংবাদিক তাসলিম কবির বাবু ও মোঃ আব্দুল বাতেন প্রমুখ।

ময়মনসিংহ-৯ আসনে নৌকার মনোনয়ন চান মো. রফিকুল ইসলাম

নান্দাইল (ময়মনসিংহ)সংবাদাদতা ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন বিশিষ্ট আইনজীবী আওয়ামী লীগ নেতা এডভোকেট মোঃ রফিকুল ইসলাম। তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের সমাজ সেবক ও পশু চিকিত্সক মরহুম হাজী মোহাম্মদ মিয়া হোসেনের পুত্র রফিকুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনে সহ-সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকাস্থ নান্দাইল ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বিগত সময়ে নান্দাইলে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক প্রচারনা চালিয়েছেন।

ডিজিটাল হাজিরার উদ্বোধন ও র্যালি

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা  ডিমলায় উপজেলা প্রশাসনের সিসি ক্যামেরা, ডিজিটাল সিটিজেন চার্টার, ডিজিটাল হাজিরার উদ্বোধন, জন্ম নিবন্ধনকরণ ও বাল্যবিবাহ বন্ধে কর্মকৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা ও আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ডিমলা উপজেলা প্রশাসনে সিসি ক্যামেরা, ডিজিটাল, সিটিজেন চার্টার, ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার নীলফামারী এর উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ প্রমুখ।

নেত্রকোনায় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ

সমাজ গঠনের লক্ষ্যে ডায়লগ

 নেত্রকোনা প্রতিনিধি গতকাল মঙ্গলবার সামাজিক সম্প্রীতি, অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে জনপ্রশাসনও জনপ্রতিনিধিদের সাথে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী এক কর্মশালা নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের নেত্রকোনার ব্যবস্থাপক আলী আমজাদ খান। অন্যদের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল মজীদ, বিএনপিএসের কেন্দ্রীয় প্রতিনিধি নাজনীন পাপ্পু, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম প্রমুখ।