চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোশারফ হোসেন পাটোয়ারীর তিনটি ঘর ও গবাদি পশু অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে বদরপুর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেন পাটোয়ারী বলেন, 'ওই রাত আড়াইটার দিকে আগুনের তাপে ঘুম থেকে জেগে দেখি- আমার বসতঘর, গোয়াল ঘর ও খামার ঘরে আগুন জ্বলছে। এ সময় চিৎকার করলে লোকজনের সহায়তায় ও পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় ২ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আমার বসতঘর, খামার ঘরসহ, অস্ট্রোলিয়ান গাভী, বাছুর ও ৩টি খাসি পুড়ে যায়। এছাড়া আরও ২টি খাসি পুড়ে আশঙ্কাজনক অবস্থায় আছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুলাল মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।
ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেনের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, 'পারিবারিক শত্রুতার জের ধরে একই সময়ে দুর্বৃত্তরা ৩টি ঘরে আগুন লাগিয়েছে।'
বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা কাওছার জামিলসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।