লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

লক্ষ্মীপুর চরশাহীতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ পুলিশ সদস্য। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টিনার বাড়ির পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
নিহত ডাকাতের নাম আবদুর রহিম প্রকাশ রইয়া ডাকাত (৩৭)। তিনি সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের দুর্গাপুরের বাসিন্দা। আর গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্য হলেন চন্দ্রগঞ্জ থানার কনস্টেবল মো. ইব্রাহীম ও  মো. মাহবুব।
 
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাতে চরশাহী এলাকার টিনার বাড়ির পাশের একটি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি চলছিল বলে খবর পায় পুলিশ। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত চক্রের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
 
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে সেখান থেকে রইয়া ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দু’টি রামদা ও দু’টি ছোরা জব্দ করা হয়।