গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফরিদপুরে এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত দু’জন হলেন- গোদাগাড়ী উপজেলার আনপনগর গ্রামের মোসলেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) ও আব্দুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৪০)। 
 
আহতদের মধ্যে দু‘জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
 
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে। নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।