সিরাজগঞ্জে চালককে শ্বাসরোধে হত্যা করে ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শাহজাদপুরে এ ঘটনা ঘটে। নিহত চালক জাহাঙ্গীর হোসেন (৪৫) বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
দুর্বৃত্তরা এ সময় ট্রাকের হেলপার ও চালকেরর ছেলে হাসানকেও (১৫) আহত করে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হেলপার হাসান জানায়, ইউনিলিভার কোম্পানি লিমিটেডের হুইল পাউডার বহনকারী ট্রাকটি (নং-বগুড়া ট ১১/০৭৯৬) চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছিল। পথে ঢাকার চান্দুরা এলাকায় পৌছলে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী ট্রাকটিতে ওঠে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকায় পৌছলে ছিনতাইকারীরা জোর করে ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সিরাজগঞ্জ রোড গোলচত্বরে পৌছার পর বগুড়ার দিকে না গিয়ে ছিনতাইকারীরা ট্রাকটি পাবনার দিকে রওনা করে। ভোরের দিকে শাহজাদপুর বাঘাবাড়ী ব্রিজ এলাকার বিন্নাবাড়িতে পৌছলে সন্ত্রাসীরা চালক জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তারা চালকের সহকারী হাসানকেও শ্বাসরোধের চেষ্টা করে। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, লাশটি উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।