সিরাজগঞ্জ নির্মানাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত শহিদুল ইসলাম (৩৫) সদর উপজেলার বেরাবাড়ী গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহিদুল সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় সড়কে ব্যক্তি মালিকানাধীন পাঁচতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ ওই ভবন থেকে তিনি রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম বলেন, 'রাস্তার উপর পড়ার জন্য তার মাথায় আঘাত পান। এ কারণে তার মৃত্যু হয়েছে।'