বেলজিয়ান প্লে মেকার কেভিন ডি ব্রুনের শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়নস লিগে বুধবার সেভিয়াকে পরাজিত করে নাটকীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে সিএসকেএ মস্কোর বিপক্ষে মার্শালের গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইনজুরি টাইমে ডি ব্রুনের গোলে সিটি নিজেদের মাঠে ২-১ গোলে পরাজিত করেছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাব সেভিয়াকে। এই জয়ে গ্রুপ-ডি থেকে শেষ ১৬তে যাওয়া কিছুটা হলো নিরাপদ হলো সিটিজেনদের। ইতিহাদ স্টেডিয়ামে ৩০ মিনিটে ইয়েভেন কোনোপ্লানইয়াঙ্কার গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। কিন্তু ছয় মিনিট পরেই আদিল রামির আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। ম্যাচটি যখন নিশ্চিত ড্রয়ের দিকেই এগুচ্ছিল ঠিক তখনই ইনজুরির টাইমের প্রথম মিনিটে ইয়াইয়া তোরের পাস থেকে বা পায়ের জোরালো শটে ডি ব্রুনে গোল করে সিটিকে দারুণ এক জয় উপহার দেন। এই জয়ে জুভেন্টাসের থেকে এক পয়েন্ট পিছিয়ে ম্যানুয়েল পেলেগ্রিনির দল এখন দ্বিতীয় স্থানে রয়েছে। সিরি-আ চ্যাম্পিয়নরা তুরিনে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের সাথে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে।
IMG0
এদিকে প্রিমিয়ার লিগে রোববার সিটিকে আতিথ্য দিতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড রাশিয়াতে সিএসকে মস্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। তবে আরেকবার তাদেরকে রক্ষা করেছেন ফ্রেঞ্চ তরুণ এন্থনি মার্শাল। ডি বক্সের ভিতর ১৯ বছর বয়সী মার্শালের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া অবশ্য রোমান এরিমেনকোর স্পট কিকটি আটকে দিয়েছিলেন। কিন্তু ফিরতি বল থেকে আইভরি কোস্টের ফরোয়ার্ড সেইডু ডোম্বিয়া গোল করলে ১৫ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। এই গোলের পরে ফ্রেঞ্চ তরুণ যেন নিজের ভুলের ক্ষতিপূরণ দিতে মরিয়া হয়ে ওঠেন। ৬৫ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরানোর পাশাপাশি মূল্যবান এক পয়েন্টও উপহার দিয়েছেন মার্শাল। আগস্টে মোনাকো থেকে ইউনাইটেডে যোগ দেবার পরে এই নিয়ে পঞ্চম গোল করলেন তিনি, তবে চ্যাম্পিয়নস লিগে এটাই তার প্রথম গোল। এই গ্রূপের অপর ম্যাচে বুন্দেসলিগার ক্লাব উল্ফসবার্গ পিএসভি আ্ইন্দহোভেনকে ২-০ গোলে পরাজিত করে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ইউনাইটেড ও সিএসকেএ মস্কোর সংগ্রহে রয়েছে চার, ডাচ চ্যাম্পিয়ন এইনডোভেনের সংগ্রহ তিন পয়েন্ট। বাসস।