চুয়াডাঙ্গা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী হুদাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাধীন হুদাপাড়া গ্রামের দয়াল মণ্ডলের ছেলে রমজান আলী (৪০), রাজু মণ্ডলের ছেলে শমসের আলী (২০), আক্তার মণ্ডলের ছেলে জসিম মণ্ডল (২৫) ও আসাদুল মণ্ডলের ছেলে নাজমুল  হোসেন (২০)।
 
জানা যায়, রাত সাড়ে ১০টায় ৪ জন অবৈধভাবে জিরো পয়েন্ট সংলগ্ন ৯৬ নম্বর মেইন পিলারের ৫০ গজ দূরবর্তী বাংলাদেশি সীমানা দিয়ে ভারতে যাচ্ছিলেন। ওই সময়ে জগন্নাথপুর বিজিবি ক্যাম্প কমাণ্ডার হাবিলদার মিন্টু সরকারের নেতৃত্বাধীন বিজিবি সদস্যর ৪ জনকে আটক করে। পরে আটককৃতদেরকে বাংলাদেশ পাসপোর্ট আইনের ১৯৭৩ সালের ১১/সি ধারায় মামলা দিয়ে দামুড়হুদা থানায় সোপার্দ করা হয়েছে।