পৃথক অভিযানে ইয়াবা-বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে প্রায় ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এরা হলেন, ইয়াবা ব্যবসায়ী মোঃ আব্দুল ওয়াদুদ (২৩) ও বিক্রম চন্দ্র দাশ (২৪)।
 
পৃথক অভিযানে সন্ত্রাসী, অস্ত্র, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বহু মামলার পলাতক আসামি মো. মানিক মিয়া ওরফে গেরামারা মানিককে (৩৮) গ্রেফতার করে র‌্যাব। বুধবার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার করেরহাট বাজারের অদূরে একটি খোলামাঠ থেকে নম্বরবিহীন মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
 
এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ক্যামোফ্ল্যাজ প্রিন্টের একটি প্যান্ট ও কাপড়ের এক জোড়া জুতা, একটি সেনা হেলমেট, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি দূরবীক্ষণ যন্ত্র এবং দেশীয় তৈরি দুটি ছুরি উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বাসিন্দা।
 
র‌্যাব-৭ ফেনী’র পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।