কবরস্থান থেকে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের এক কবরস্থান থেকে পেট্রোলবোমা, পাইপগান ও ককটেল উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। এগুলো বৃহস্পতিবার রাতে মেহেরগাঁও গ্রামের পরিত্যাক্ত এক কবর স্থান থেকে উদ্ধার করা হয়।
 
গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনাচার্জ মোল্লা মনির হোসেন ও এস আই সামস-ই-তাব্রীজ ৪৭টি পেট্রোলবোমা, একটি পাইপগান ও ৫৩টি ককটেল উদ্ধার করেন। এগুলো কবরস্থানের জঙ্গলে একটি গর্তে আগাছা দিয়ে লোকানো ছিল। খবর পেয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান ও মাধবপুর  থানার ওসি (তদন্ত) কে এম আজমিরুজ্জামান রাতেই ঘটনাস্থলে ছুটে যান। 
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে এগুলো ওই এলাকায় মজুদ করেছিল তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
কিছুদিন আগেও বিজিবি একই ইউনিয়নের ধর্মঘর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পেট্রোলবোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল।