রিয়াল-বার্সার ম্যাচ পাতানোর প্রস্তাব!

লা লিগায় আসন্ন এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একজন সহকারী রেফারি। একটি স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই বিষয়ে স্প্যানিশ দুর্নীতি দমন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। 
 
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মানেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। সেই লড়াইয়ের মধ্যে এবার প্রতারণার গন্ধ পাওয়া যাচ্ছে।  বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ আগামী ২১ নভেম্বর বহুল প্রতীক্ষিত লা লিগার ম্যাচে মুখোমুখি হবে। সেই ম্যাচকে লক্ষ্য করেই এক সহকারী রেফারিকে রিয়াল মাদ্রিদকে অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন তার এক সহকর্মী। ওই সহকারী রেফারির কৌসুলি জাসিন্তো ভিসেন্তে হার্নান্দেজ বিবিসিকে এই কথা নিশ্চিত করেন। বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট সুসানা মোনজে বলেন, আমি আশা করি এটা সত্য প্রমাণিত হবে না। রিয়াল এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। স্প্যানিশ পুলিশকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। বিবিসি।