কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় কামরুল হাসান নামের এক আসামী পালিয়েছে। এ ঘটনার পর থেকে কামরুলকে ধরতে আশপাশের এলাকাসহ নগরীতে তল্লাশি চালানো হচ্ছে।
শুক্রবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটলেও সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. আইয়ুব আসামী পালিয়ে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কামরুলকে গ্রেফতারের সময় সে পায়ে ব্যথা পায়। শুক্রবার দুপুরে তাকে কুমেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পর সেখান থেকে সে হাতকড়াসহ পালিয়ে যায়। কামরুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। সে একটি সংঘর্ষ মামলার আসামি ছিল।
ঘটনার খবর পেয়ে সদর দক্ষিণ ও কোতোয়ালী মডেল থানার পুলিশ ওই আসামীকে গ্রেফতারে অভিযান শুরু করে।