রাকাবের নিয়োগ পরীক্ষায় চার ভুয়া পরীক্ষার্থী আটক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চার ভুয়া পরীক্ষার্থীসহ ওই চক্রের আটজনকে আটক করা হয়েছে।
 
শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকাবের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। চার ভুয়া পরীক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ সময় (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তাদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস, ১১টি মোবাইল সেট, ১২টি ভুয়া প্রবেশপত্র ও নগদ এক লাখ ১১ হাজার টাকাসহ চক্রের সদস্য জাকিরের ব্যবহৃত স্মার্টফোনে ৮০ জন পরীক্ষার্থী বিষদ বিবরণ উদ্ধার করেছে।
 
আটকরা হলেন, ঢাকা কলেজের অর্নাসের শিক্ষার্থী জাকির হোসেন (২৫)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্নাস শেষ বর্ষের শিক্ষার্থী ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী গ্রামের এলাহী রব্বানী জাকির হোসাইন (২৫), জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল গ্রামের মঞ্জুর রহমানের ছেলে আল-মামুন (২৭) ও ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্পের কর্মকর্তা মোস্তফা কামাল (২৯)। মোস্তফা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রিয়াজনগর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। এই চক্রের মূলহোতা সোহেল রানা বর্তমানে জনতা ব্যাংকের ফার্মগেট শাখায় কর্মরত আছে বলে র‌্যাব জানায়।
 
ভুয়া পরীক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মাইদুল ইসলাম। তিনি কুড়িগ্রামের উলিপুর থানার দূর্গাপুর গ্রামের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ও টাংগাইলের গোপালপুর উপজেলার খামারপাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে সাইম আহমেদ (২৫)। একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ও চাঁদপুর সদর থানার দালাদী গ্রামের ওসমান গনি (২৫) ও একই বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র নূর আলম (২৪)। নূর আলম ময়মনসিংহের ভালুকা থানার আংগারগাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
 
র‌্যাব-৫’র এসএসপি তোফায়েল আহমেদ জানান, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে ওই চারজনকে পরীক্ষা কক্ষ থেকে আটক করা হয়। একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে নিয়োগ পরীক্ষার সিন্ডিকেট চক্রের চার সদস্যকে আটক করা হয়। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।