রায়পুরে পিকাপ-ভ্যান চাপায় কিশোর নিহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকাপ-ভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক কিশোর। নিহত তুহিন (১৬) উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে ও আহত রবিন একই এলাকার জাকির হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তুহিন ও রবিন দুই বন্ধু স্থানীয় খাসেরহাট বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। তুলাতুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই পিকাপ-ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তুহিনের মৃত্যু হয়। গুরুতর আহত রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় স্থানীয়রা পিকাপসহ চালক রাসেলকে আটক করে পুলিশে দেয়।
 
রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।