রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রংপুর জেলার হাজীরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনকে ভর্তি করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. হাবীব জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী শুভ পরিবহন নামের একটি নৈশকোচ রংপুর নগরীর উত্তম হাজিরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক বাসযাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন।আহতদের পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
 
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন (৩০) নামের আরও এক যাত্রী মারা যান। সুজন রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকার আব্দুস সালামের ছেলে।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।