গাজীপুরে কোনাবাড়ি এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (১৮) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরনে ছিল চেক সেলোয়ার কামিজ। গায়ের রং ফর্সা।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকায় একটি কবরস্থানে আমগাছের সঙ্গে এক নারীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নারীটি গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।