সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন জাহিদুল ইসলাম( ১৯) নামের এক শ্রমিক। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে নীলফামারী শহরের উকিলপাড়ার ঠিকাদার আবিদ হোসেন মানিকের বাড়ির এ ঘটনায় দমকল বাহিনী এসে সন্ধ্যার পর সেফটি ট্যাংক থেকে ওই শ্রমিকের মৃত্যু দেহ উদ্ধার করে। নিহত শ্রমিক জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়া ফুলতলী গ্রামের আজিজার রহমানের ছেলে।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র টিম লিডার এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'তিন ঘণ্টা অভিযান চালিয়ে সেফটি ট্যাংকের ভেতর থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নীলফামারীর থানার ওসি শাহজাহান পাশা জানান, এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে ওই শ্রমিকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।