জয়পুরহাটে মোটর শ্রমিক নেতা গ্রেফতার

নাশকতার একাধিক মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগে যোগদান করেও শেষ রক্ষা হলো না মোটর শ্রমিক নেতা গোলাম মর্ত্তুজা শিপলুর (২৮)। গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে জেলা শহরের শান্তিনগর বাসা থেকে শিপলুকে গ্রেফতার করে।
 
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের শান্তি সমাবেশে বোমা হামলা, পুরানাপৈল ও উড়ি ব্রিজ এলাকায় রেললাইন তোলা, শ্যামলী পরিবহনে পেট্রোল ঢেলে আগুন দেয়াসহ সাতটি মামলা রয়েছে শিপলুর বিরুদ্ধে। জয়পুরহাট পৌর শ্রমিক দলের আহবায়ক হিসাবে দায়িত্ব পালনের সময় এ সব নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করেন শিপলু। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের সময় সভাপতিকে মারধরের ঘটনায় বহিষ্কার করা হয় সংগঠন থেকে। 
 
এ অবস্থায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর নাশকতার ওই সব মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য দলবলসহ চলতি বছরের ১৩ জুন আওয়ামী লীগে যোগদান করেন শিপলু। এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে তোলপাড় শুরু হলে বিব্রত হয়ে পড়েন নেতা-কর্মীরা। যার কারণে আওয়ামী লীগে যোগদান করলেও তাকে কোনো পদ দেয়া হয়নি। একাধিক নাশকতার মামলার আসামি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগে যোগদানের পর শিপলু প্রকাশ্যে মিছিল মিটিং শুরু করেন। এ অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় বিব্রতকর অবস্থায় পড়ে এবং পুলিশের ভাবমূর্তি নিয়ে টানাপোড়ন দেখা দেয়। 
 
গোলাম মর্ত্তুজা শিপলু পৌর শহরের শান্তিনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে বলে পুলিশ জানায়। পৌর শ্রমিক দলের দায়িত্ব পালনের সময় শিপলু নিজস্ব ফেসবুকে ’রাক্ষুসী হাসিনা’ লেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাঙ্গাত্মক ছবি আপলোড করেছিল।