ফেনী শহরের মাস্টারপাড়া থেকে অপহরণের ৪৮ ঘণ্টা পর সাহিদুল ইসলাম আবির (৪) নামে এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ফেনী মডেল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় আবির বাড়ির আঙিনায় খেলা করছিল। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি।
এ বিষয়ে ওইদিন দুপুরে শিশুটির বাবা জসিম উদ্দিন হাজারী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান চেয়ে শহর জুড়ে শুক্রবার বিকাল পর্যন্ত মাইকিং করান।
শনিবার সকালে শিশুটির মৃতদেহ তাদের ঘরের পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।