ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২২৪

কলম্বো টেস্ট মাত্র তৃতীয় দিনেই নির্ণায়ক অবস্থানে চলে গেছে। জিততে হলে দুইদিন হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২২৪ রান আর শ্রীলংকার দরকার ৯ উইকেট।
 
দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে অল আউট হয়ে, ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৪৪ রানের টার্গেট দেয় লংকানরা। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২০ রান তুলেছে ক্যারিবীয়রা।  এর আগে ব্যাট হাতে ব্যর্থ হলেও কলম্বোর পি সারা স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ২০৪ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন অনিয়মিত অফ স্পিনার ব্র্যাথওয়েইট। ২৯ রানে ৬ উইকেট নেন তিনি। ২ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা দ্রুতই উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভাকে হারায়। ১০৫ বলে ৩২ রান করা সিলভা অভিষিক্ত জোমেল ওয়ারিক্যানের বাঁহাতি স্পিনে আউট হয়ে ফেরেন। এর পর দিনেশ চান্দিমালকে জেরোম টেইলর বোল্ড করে ফেরানোর পর ঘূর্ণি জাদু দেখাতে শুরু করেন ব্র্যাথওয়েইট। একে একে তিনি তুলে নেন মিলিন্দা শিরিবর্ধনে, কুশল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, অ্যাঞ্জোলো ম্যাথিউস ও নুয়ান প্রদীপকে। 
 
শ্রীলঙ্কা তাদের শেষ চারটি উইকেট হারায় মাত্র ১১ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং করেন ব্র্যাথওয়েইট। ২০০৩ সালে কিংস্টনে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিংয়ের কীর্তি ফাস্ট বোলার কোরি কলিমোরের।  ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এ ছাড়া দুটি করে উইকেট নেন ওয়ারিক্যান ও টেইলর।  শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ রান সংগ্রহ অধিনায়ক ম্যাথিউস। ১২০ বলে ৩টি চারে ৪৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন শিরিবর্ধনে।  দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ক্রিকইনফো।