গাংনীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

গাঁজা রাখা ও বিক্রির অভিযোগে আবু বক্কর (৩৫) নামের এক জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর  নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান শনিবার সন্ধ্যার দিকে গাংনী হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ড দেন। দণ্ডিত আবু বক্কর গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মৃত পাঁচু মণ্ডলের ছেলে।
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এ টেবিল বর্ণিত ৭(ক) ধারায় দোষী প্রমানিত হওয়ায় আবু বক্করকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে মেহেরপুর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
 
এর আগে গাংনী থানার এএসআই ফজর আলী শনিবার বিকালে সংগীয় ফোর্সসহ নওপাড়া বাজারে অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজাসহ আবু বক্করকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ আদেশ দেন।