জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিলো আফগানিস্তান ক্রিকেট দল। ফলে টেস্ট প্লেয়িং কোন দলের বিপক্ষে এই প্রথম কোন সিরিজ জয়ের রেকর্ড গড়লো আফগানিস্তান।
সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭৩ রানে হারিয়ে ঐতিহাসিক এক সিরিজ জয় করে আফগানরা।
২-২ সমতা নিয়ে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। বুলাওয়েতে টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিং-এ পাঠায় জিম্বাবুয়ে। দলীয় ৩৫ রানে ওপেনার মোহাম্মদ শাহজাদকে হারালেও, বড় সংগ্রহের পথ ঠিকই ধরে রাখে আরেক ওপেনার নুর আলী জাদরান। তাকে সঙ্গ দেন তিন নম্বরে নামা মোহাম্মদ নবী। ২৬ রান করে ফিরেন শাহজাদ।
দ্বিতীয় উইকেটে জাদরান ও নবী যোগ করেন ৩৭ রান। দু’জনই স্পর্শ করেছেন হাফ-সেঞ্চুরির কোটা। তবে হাফ-সেঞ্চুরির পর নিজেদের ইনিংসকে কেউই বড় করতে পারেননি। জাদরান ৫৪ ও নবী ৫৩ রানে ফিরেন।
এই দু’জনের ফিরে যাবার পর মিডল-অর্ডারে আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। তবে অধিনায়ক আসগর স্তানিকজাই’র ৩৮ ও মিরওয়াইস আশরাফের ২১ রানের উপর ভর করে ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ পায় আফগানিস্তান। জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও সিকান্দার রাজা।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মহাবিপদে পড়ে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন জিম্বাবুয়ের পাঁচ ব্যাটসম্যান। তখন দলীয় রান ৫১। ফলে ম্যাচ হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় জিম্বাবুয়ের কাছে।
তবে চার নম্বরে নেমে সেঞ্চুরি হাকিয়ে সিন উইলিয়ামস জিম্বাবুয়েকে খেলায় ফেরানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে সেটি আর করতে পারেননি উইলিয়ামস। ফলে বৃথা যায় তার সেঞ্চুরিটি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০২ রানে ফিরেন উইলিয়ামস। তার ১২৪ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কার মার ছিলো। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস গিয়ে থামে ১৭২ রানে।
আফগানিস্তানের পক্ষে দৌলত জাদরান ৪টি ও আমির হামজা ৩টি উইকেট নেন। যৌথভাবে ম্যাচের সেরা হয়েছেন আফগানিস্তানের দৌলত ও জিম্বাবুয়ের উইলিয়ামস। আর সিরিজ সেরার পুরস্কার পান আফগানিস্তানের নবী।
আফগানিস্তানের কাছে সিরিজ হারার স্বাদ নিয়ে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। আসন্ন সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ২৪৫/৯, ৫০ ওভার (জাদরান ৫৪, নবী ৫৩, ওয়েলিংটন মাসাকাদজা ৩/৩১)।
জিম্বাবুয়ে : ১৭২/১০, ৪৪.১ ওভার (উইলিয়ামস ১০২, চিগুম্বুরা ১৪, দৌলত ৪/২২)।
ফল : আফগানিস্তান ৭৩ রানে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো আফগানিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ : দৌলত জাদরান (আফগানিস্তান) ও সিন উইলিয়ামস (আফগানিস্তান)।
ম্যান অব দ্য সিরিজ : মোহাম্মদ নবী (আফগানিস্তান)।