নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজার থেকে মানবপাচারকারী এক নারী ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। এ সময় ৫শিশুকে উদ্ধার করা হয়। রবিবার ভোরে তাদের আটক করা হয়।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের মডার্ন হাসপাতাল সংলগ্ন এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় এলাকার লোকজন তাদেরকে আটক করে। এপর কোম্পানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- রেহানা আক্তার (৫৫) ও তার স্বামী বাহার উল্যাহ (৬৫)। তাদের বাড়ি মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে।
উদ্ধারকৃত শিশুরা হলেন- আবির আলী শাহিন (১২), শাহীন চৌধুরী (৯), নাসরিন (৪), তক্কিন চৌধুরী (৬), নাহিদ হোসেন সিয়াম (১০মাস)। উদ্ধারকৃত শিশুদের গ্রামের বাড়ি ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুর মহকুমার রাধাকৃষ্ণপুরে।
ভারতের রাধাকৃষ্ণপুর থানার (ওসি) দিববেন্দু রায় সত্যতা স্বীকার করে জানান, শিশু আবির আলী শাহীনের বাবা আবুল বাসার বাদি হয়ে রাধাকৃষ্ণপুর থানায় মামলা করেছেন। অন্যান্য শিশুদের অভিভাবকরা তাদের শিশু অপহরণে থানায় অভিযোগ দায়ের করেন।
রেহানা আক্তার ও তার স্বামী বাহার উল্যাহ দীর্ঘদিন যাবত মানব পাচারের সঙ্গে জড়িত আছে বলে ওসি (তদন্ত) আবদুল মজিদ জানান।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ ও ওসি (তদন্ত) আবদুল মজিদ জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় দারোগা সুমন বড়ুয়া বাদি হয়ে ২জনসহ বেশ কিছু অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দিয়ে মানবপ্রাচারের অভিযোগে মামলা দায়ের করেন।