সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় সেলিম রেজা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার জোনাকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা মেহেরপুর জেলার গাংনিয়া গ্রামের হাশেদ আলীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম রেজা কলারোয়া তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রবিবার কলারোয়া থেকে সাতক্ষীরায় যাওয়ার সময় পথিমধ্যে জোনাকি সিনেমা হলের সামনে পৌঁছানো মাত্র একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।