টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফের নাফনদী কিনারায় থেকে ৭০ হাজার পিস ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের বরইতলী এলাকায় নাফনদীতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 
 
বিজিবি- ৯ সুত্রে জানায়, শনিবার সকালে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করেছে- এমন সংবাদে টেকনাফ দমদমিয়ার বিওপির সুবেদার মো. জাকারিয়ার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল বরইতলী এলাকার নাফনদীর জইল্ল্যার দ্বীপের কাছাকাছি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে ঝাঁপ দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই নৌকাতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার মূল্য  দুই কোটি ১০লাখ টাকা।
  
গত সোমবার শাহপরীর দ্বীপ নাফনদীর গুলারচর থেকে ৩ লাখ পিস ইয়াবা বড়িসহ একটি কাঠের নৌকা জব্দ করে। এটি আটকরে মধ্যে বিজিবির সবচেয়ে বড় চালান বলে জানান বিজিবি। তার এক সাপ্তাহর মাথায় আবার এই ইয়াবার চালানটি আটক করা হয়। 
 
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফনদী থেকে ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।