বাগেরহাটের কচুয়া উপজেলায় বসতঘরের নিচে চাপা পড়ে কনিকা অধিকারী (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের আরও এক নারী আহত হন। শনিবার সকালে উপজেলার ছোট আন্ধারমানিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনিকা অধিকারী উপজেলার ছোট আন্ধারমানিক গ্রামের মিহির অধিকারীর স্ত্রী।
আহত সাধনা মৃধাকে (৩৫) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি নিহতের মামা শশুর রঞ্জন মৃধার স্ত্রী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী জানান, সকালে বাড়ির বারান্দায় বসে নাড়ু তৈরি করছিলেন তারা। এ সময় ঘরের পাশে থাকা একটি নারকেল গাছ আকস্মিক ভাবে ঘরের উপড়ে পড়লে দু’জন গুরুত্বর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কনিকার মৃত্যু হয়।