রায়পুরে বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতাসহ একাধিক মামলায় বিএনপি ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান। এছাড়া একই সঙ্গে কমলনগর উপজেলার ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। 
 
সরকার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পি পি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
নেতাকর্মীরা হলেন- পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাজু, রায়পুর পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্চাসেবক দল সভাপতি মো. রিপন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসানুজ্জামান সবুজ, বামনী ইউনিয়নের সভাপতি মহাসিন কাজি ও সাধারণ সম্পাদক শাহাজান ঢালিসহ ১৫ নেতাকর্মী। 
 
নাশকতা মামলার বাদি রায়পুর থানার (এসআই) মো. সিরাজ মিয়া জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি রায়পুর বাসটার্মিনাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে নাশকতার উদ্দেশ্যে হামলা-ভাংচুর ও শহরের উত্তেজনা সৃষ্টি করে। এতে আওয়ামী লীগ এবং বিএনপির কয়েক নেতাকর্মী আহত ও প্রতিষ্ঠান ভাংচুর হয়। পরে তিনি বাদি হয়ে ৪৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় আড়াইশ বিএনপির-নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এ মামলার চার্জশিট প্রায় ৬ মাস আগে জমা দেয়া হয়েছে। মামলায় কয়েক নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনের আবেদন করলে তাদেরকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এতে রবিবার দুপুরে ১৫ নেতাকর্মী জেলা দায়েরা জজ আদালতে আত্মসমার্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
 
আসামি পক্ষের আইনজীবী সাবেক পি পি মনিরুল ইসলাম হাওলাদার ও অ্যাডভোকেট শামছুল আলম। তারা বলেন, 'উচ্চ আদালত নির্দেশে নেতাকর্মীরা এ মামলায় নিম্ন আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চাইলে তাদের জামিন মঞ্জুর করতে পারতেন।' 
 
এ মামলার আসামি নাজমুল ইসলাম নাজু ও ইকবাল পাটওয়ারী বলেন, 'ওই ঘটনায় আমরা জড়িত ছিলাম না। আওয়ামী লীগ ও পুলিশ মিলে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।'