ভারী বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার কলম্বো টেস্টের চতুর্থ দিনে আজ একটি বলও তাই মাঠে গড়ায়নি। বৃষ্টিতে ভেসে যাওয়ায় কলম্বো টেস্টের সব রোমাঞ্চ তাই তোলা রইল শেষ দিনের জন্য।
কলম্বোর পি সারা স্টেডিয়ামে গত শনিবার তৃতীয় দিনে শ্রীলঙ্কার দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা ১ উইকেটে ২০ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। রোববারও ছিল বৃষ্টির দাপট। ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩ রানে আউট হয়ে গেলেও ১৭ রান নিয়ে উইকেটে আছেন আরেক ওপেনার সাই হোপ। এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০০ রানের জবাবে ১৬৩ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা অল আউট হয় ২০৬ রানে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। ক্রিকইনফো।