ময়মনসিংহে পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মামলা হয়েছে।
 
রবিবার দুপুরে ত্রিশালের বারইগাঁও গ্রামের মো. হাফিজ উদ্দিন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, মোখলেছুর রহমান, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির ও সুলতান আহামেদ ফকির।
 
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও অ্যাডভোকেট পিযুষ কান্তি জানান, ১৯৭১ সালে বাদী হাফিজ উদ্দিনের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে বালিপাড়া ইউনিয়নের রাজাকার কমান্ডার ও সাবেক এমপি আনিসুর রহমান মানিকের নেতৃত্বাধীন রাজাকার বাহিনী। এ বাহিনী যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও সংখ্যালঘু নরেন্দ্র নাথকে হত্যা করেছে। ওই সময় বাহিনীটি সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। বাহিনীটির দ্বারা জোরপূর্বক ধর্মান্তরিত করার ঘটনাও ঘটেছে।