রেকর্ড ব্যবধানে জিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ভারতকে ২১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ভারতে দ্বিপাক্ষিক সিরিজে জয় লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে প্রোটিয়াদের ৪৩৮ রানের জবাবে ২২৪ রানেই অলআউট হয়ে যায় ধোনির দল। 
 
 মাত্র ৬ রানের জন্য একদিনের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ স্কোর হাতছাড়া হলেও এদিন ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে জয় সহ একাধিক রেকর্ড গেল দক্ষিণ আফ্রিকার পকেটে। ভারতীয় বোলিংয়ের কঙ্কালটা বেরিয়ে এলো মুম্বাইয়ে পঞ্চম একদিনের ম্যাচে।  টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক। ডি কক(১০৯), ডি ভিলিয়ার্স(১১৯) ও ডুপ্লেসির (১৩৩) তিনটি শতরানে ভারতের বিরুদ্ধে চার উইকেটে ৪৩৮ রান তুলে রীতিমতো ভারতীয় ক্রিকেট দলকে  লজ্জিত করে প্রোটিয়ারা। আর মাত্র ৬ রান হলেই একদিনের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ স্কোর হতে পারত। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ১১ টি ছয় এসেছে শুধুমাত্র ডি ভিলিয়ার্সের ব্যাট থেকেই। এটি ছিল দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ চারশো ছাড়ানো ইনিংস। এই বছরই চতুর্থ  বারের মতো চারশো ছাড়ানো ইনিংস খেললো ডি ভিলিয়ার্সের দল। 
 
ভারতীয় বোলাররা এই ম্যাচটা ভুলেই যেতে চাইবেন। ভূবনেশ্বর কুমার (১/১০৬), মোহিত শর্মা (১/৮৪), হরভজন (১/৭০), অক্ষর পাটেল (০/৬৫), অমিত মিশ্র (০/৭৮) সকলেই প্রোটিয়া ব্যাটসম্যানদের সংহারের শিকার হয়েছেন। এত বিশাল রান তাড়া করার জন্য যে ধরনের শুরু দরকার ছিল, এদিন তাও হয়নি। প্রথমেই আউট হয়ে যান রোহিত শর্মা। লড়াই শুধু করার চেষ্টা করেছেন শিখর ধাওয়ান (৬০) ও অজিঙ্কা রাহানে (৮৭)। কিন্তু, তা কোনোভাবেই যথেষ্ট ছিল না। ৩৬ ওভারেই ২২৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এই জয়ের ফলে একদিনের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো।