জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামে গ্রাম্য মেলায় টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষে গণ্ডগোল হয়েছে গতকাল রোববার। এ ঘটনায় খুরের আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছে। আহত দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম এলাকায় শত বছরের পুরনো ঐতিহ্য হিসাবে দুর্গা পূজার পরে মেলার আয়োজন করা হয়ে থাকে।
এলাকার কেনেডি, রাসেল, হামিদুল, জেমি ও হিরো নামে যুবকদের সমন্বয়ে গঠিত কমিটি অন্যান্য বারের মতো এবারও মেলা আয়োজনের খরচ হিসাবে টোল আদায় করতে থাকে। এই টোল আদায় কমিটিতে না রাখায় পলাশ (৩২) ও হেলাল (৩৫) নামে দুই ভাই টোল আদায়ে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মেলা আয়োজকরা পলাশের গলা এবং হেলালের পেটে ক্ষুরের আঘাত করে। এতে পলাশের গলা ওপর থেকে নিচে এবং হেলালের পেট আড়াআড়িভাবে কেটে যায়।
গুরুতর আহত দুই ভাইকে প্রথমে আক্কেলপুর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় পলাশকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পলাশের গলায় ২৪টি সেলাই দিতে হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক নূর উদ্দিন জানান।
এ ঘটনার খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান পুলিশসহ দ্রুত ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি বলে ওসি মনিরুল ইসলাম জানান।