দুর্নীতির মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ১৩ বছর কারাদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র যুবদল।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির নেতা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাসাস নেত্রী বেবী নাজনীন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
প্রতিবাদ সভায় আব্দুস সালাম বলেন, 'উচ্চ আদালতের অনুমতি নিয়েই সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তারপরও তার বিরুদ্ধে প্রসহনের রায় দেয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল। খোকার বিরুদ্ধে এই রায় ঘোষণা করে বিএনপিকে ভয় দেখানো বা থামানো যাবে না।'
যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা হেলাল উদ্দিন, ছৈয়দুল হক, বাসেত রহমান, এবাদ চৌধুরী, আবু সুফিয়ান, আমিনুল হক স্বপন, সাইফুর খান হারুন, বিলাল চৌধুরী, শেখ হায়দার আলী প্রমুখ। সমাবেশের সঞ্চালক ছিলেন রেজাউল আজাদ ভূঁইয়া।