নাচোলে ৩ চোর আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবি টাওয়ারে চুরির সময় তিন চোরসহ ১টি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
 
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাসিররুদ্দীন জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের খৈলসী গ্রামে রবি টাওয়ারে চুরির ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবি কোম্পানির নাম করে ৫জনের একটি দল প্রথমে রবি টাওয়ারে এসে ৪৭টি ব্যাটারি কোম্পানিতে ফেরত যাবে বলে টাওয়ারের ঘর থেকে বের করে তাদের পিকআপে উঠায়। এ সময় দায়িত্বে থাকা গার্ডের সন্দেহ হলে তিনি ওই কোম্পানির সংশি­ষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা বলেন, 'যারা ব্যাটারি খুলতে গেছে তারা কোম্পানির কেউ নন।' এ সময় এলাকাবাসী তাদেরকে ঘিরে ফেললে পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। 
 
আটককৃত ব্যক্তিরা ঠাকুরগাঁও জেলার বরুনাগাঁও এর মৃত মোশারফ হোসেন এর ছেলে সাজ্জাদ হোসেন (৩২), শহিদুল্লাহর ছেলে সোহেল রানা (৩০) ও বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে রিপন (২৪)। 
 
এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা হয়েছে।