নওগাঁয় অগ্নিদগ্ধ ট্রাক চালকের মৃত্যু

নওগাঁর সাপাহারে অগ্নিদগ্ধ ট্রাকের চালক শামিম হোসেন (৫০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শামিম জেলার পত্নীতলা উপজেলার দামাহার গ্রামের মৃত জিয়া উদ্দীন মন্ডলের ছেলে।
 
জানা গেছে, রবিবার বিকেলে সাপাহার বাজার থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৯৬৪) খড় ভর্তি করে উপজেলার হরিপুর বাজার এলাকায় যাচ্ছিল। সন্ধ্যায় বাজার এলাকার কাছে পৌঁছলে রাস্তার উপরে দিয়ে টানা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে খড়সহ ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাকটিকে আগুন থেকে বাঁচাতে গিয়ে ড্রাইভার শামিম হোসেন দগ্ধ হন।
 
সাপাহার থানার ওসি জাহিদুর রহমান হাসপাতাল সূত্রে জানিয়েছেন, ঘটনারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। শামিমের ৮০ ভাগ ঝলসে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় শামিম হোসেন মারা যান।