অস্ট্রেলিয়ান কন্ডিশন বলেই পেসারদের ওপরই ভরসা করছে ভারত। ব্রিসবেনে আজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন গতকাল এমনটাই জানালেন অধিনায়ক বিরাট কোহলি। একই সাথে জানালেন অস্ট্রেলিয়ার প্রতি নিজেদের সমীহের কথা।
আগামী জানুয়ারির শেষ ভাগ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট ও তিন ওয়ানডে সিরিজের আগে আগামীকাল ব্রিজবেনে প্রথম ম্যাচ দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারতীয় দল। স্মিথ, ওয়ার্নার ছাড়াও স্বাগতিক অস্ট্রেলিয়াকে এখনো বড় হুমকি মনে করছেন কোহলি। তিনি বলেন, ‘তাদের দলের মান সম্পর্কে অস্বীকার করার কোনো অবকাশ নেই। তাদের দলের বিশ্বমানের দুইজন খেলোয়াড় না থাকা সত্ত্বেও তারা এখনো বিশ্বমানের একটি দল। দু’জন না থাকলেই একটি দল শেষ হয়ে যায় না। তবে তাদের বিশেষ করে সীমিত ওভারের দলে যারা আছেন তারা যে কোনো সময় একটা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। কোনো দলকেই আপনি ছোট করে দেখতে পারেন না। কোনো কিছুই আমরা নিশ্চিত হিসেবে নিচ্ছি না।’
সংক্ষিপ্ত ভার্সনে সামপ্রতিক সময়ে বেশ ভালো করছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর থেকেই দুর্বল হয়েছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে ক্রিকেটে দ্রুত দশ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে গতমাসে শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলা কোহলি বলেন, ‘অবশ্যই আমাদের একটি শক্তিশালী দল রয়েছে। আমরা যখন মাঠে নামি তখন আমাদের ১১ জনই তাদের উত্কর্ষ দেখাতে প্রস্তুত থাকে, তারা তাদের সেরাটা দিতে চায়।’ কোহলি যখন ভারতের মূল ভারত তখন রোহিত শর্মা এবং কে এল রাহুলও কম নন। গত জুলাই থেকে চারটি টি-টোয়েন্টিতে তারা উভয়েই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ব্যাটিং র্যাংকিংয়ে তারা উভয়েই অধিনায়কের চেয়ে এগিয়ে আছেন। নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে অস্ট্রেলিয়া সফরে এসেছে ভারতীয় দল। তবে ঐতিহাসিকভাবেই অস্ট্রেলিয়া সফরে তাদের রেকর্ড খুব ভালো নয়। কোহলি বলেন, ‘প্রতিপক্ষের চেয়ে পারিপার্শিক অবস্থাকে জয় করার জন্য তারা ভালো কিছু করার পরিকল্পনা আঁটছেন। জেতার সামর্থ্য আমাদের আছে, অবশ্যই আমরা এটা বিশ্বাস করি। তবে প্রতিটি ম্যাচে আমরা প্রতিটি মুহূর্ত কিভাবে চিন্তা করি তা গুরুত্বপূর্ণ।’