গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের পিস্তুলের ছোড়া গুলিতে আহত শাহাদত হোসেন সৌরভ (৯) টানা ২৪ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরেছে।
সোমবার দুপুর সোয়া দুইটার দিকে সৌরভ তার বাবা-মার সঙ্গে পুলিশ পাহারায় সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। এর আগে সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সার্জারি বিভাগ সৌরভকে ছাড়পত্র দেয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে তার বাড়িতে দুইজন গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় গত ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তুলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এতে সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে মামলা করেন। গত ২৪ অক্টোবর রাতে ঢাকার উত্তরার এক আত্মীয়ের বাড়ি থেকে এমপি লিটনকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তিনি গাইবান্ধা কারাগারে আছেন।