রংপুর সদর উপজেলার পালিচড়া জয়রাম গ্রামে শুক্রবার মধ্যরাতে ৮টি পরিবারের ১২টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পারভীন আক্তার (২৭) নামে এক নারী আগুনে দগ্ধ হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে বসতঘর পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এক বাড়ি থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। একে একে শাহিন মিয়া, মনোয়ার হোসেন, জাহাঙ্গীর, স্বাধীন, লোকমান, মোন্নাফ, হাবিবুর, আব্দুল বারির বসত ঘর পুড়ে যায়।
আগুন লাগার পর স্থানীয়রা রংপুর ফায়ার সার্ভিসকে জানালে, তারা গিয়ে ঘটনার কাছাকাছি কোনো পুকুর না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এবং দগ্ধ একজন মহিলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল এ ভর্তি করে।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর বলেন, ‘ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক পোশাকে আছি। মানুষের দেওয়া কাপড়চোপড় পরে আছি।’
আরও পড়ুনঃ নন্দীগ্রামে বিরল প্রজাতির হুতোম পেঁচা উদ্ধার
এদিকে চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করেন।
ইত্তেফাক/নূহু