'শিশু-নারীর অধিকার রক্ষা মানে মানবজাতির অধিকার রক্ষা'

 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শিশু ও নারীর অধিকার রক্ষা মানে মানবজাতির অধিকার রক্ষা। মঙ্গলবার রাজধানীর মহাখালি ব্র্যাক সেন্টার ইন অডিটরিয়ামে আয়োজিত 'শিশু সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, শিশু ও নারীর সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো সংবেদনশীল ও যত্নবান হওয়া প্রয়োজন।
 
মন্ত্রী বলেন, গণমাধ্যম সমাজের অলিতে গলিতে আলো ফেলতে পারে। ভালকে ভাল এবং খারাপকে অন্যায় হিসেবে চিহ্নিত করতে পারে। সাধারণ মানুষের স্বার্থ দেখে তাদের তথ্য প্রকাশ করতে হয়। এটি কঠিন কাজ। তিনি আরো বলেন, কিন্তু এই কঠিন কাজটি আমাদের অব্যহতভাবে করে যেতে হবে। কারণ গণমাধ্যম শক্তিশালী না হলে গণতন্ত্রের ভীত মজবুত হয় না।
 
বাংলাদেশে গণতন্ত্রের একটু ঘাটতি আছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমেরও ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে সকলকে একত্রে কাজ করতে হবে।
 
 'শিশু সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা' বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এই সেমিনারে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম সারওয়ার। এ ছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট (বিএফইউজে)-এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইনফোকাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন।