রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের গুলিতে রিয়াদ (২০) নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ মতিঝিলের ঘরোয়া হোটেলের কর্মচারী। তিনি টিকাটুলির স্বামীবাগ এলাকায় থাকতেন।
নিহতের সহকর্মী জসিম ও রাজু জানায়, তারা মতিঝিলের ঘরোয়া হোটেলে কাজ করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে হোটেলের ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে মালিক আরিফুল ইসলামের শান্তিনগর পীর সাহেবের গলির বাসায় যাচ্ছিলেন। এ সময় শাপলা চত্বরে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে থামার সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। অটোরিকশাটি না থামলে তারা সিএনজিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে রিয়াদের মুখে গুলি লাগে।
আহতাবস্থায় রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।