জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকাসক্তকে মাদক সেবনের অপরাধে জেল-জরিমানার আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জীবননগর থানার এএসআই আশরাফুল ইসলাম ও হারুন অর-রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যায় উপজেলার মেদিনীপুরে অভিযানে নেশাগ্রস্থ অবস্থায় ৫ যুবককে আটক করেন। এ সময় তাদের কাছ হতে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
দণ্ডিতরা হলেন- গঙ্গাদাসপুরের সামসুল মণ্ডলের ছেলে বাবলুর রহমান ওরফে বাবু, মেদিনীপুরের জহুরুল ইসলামের ছেলে বুলবুল, চুয়াডাঙ্গা সরোজগঞ্জের মহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান, গোলাম সরোয়ারের ছেলে শান্ত ইসলাম ও আবজেল উদ্দিন ছেলে আশিক।
রাত সাড়ে ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালতে বিচারক নুরুল হাফিজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।