রাজধানীর মতিঝিলে রিয়াদ (২০) নামের এক হোটেল কর্মচারী গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর কারণ নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে।
হাসপাতাল সূত্র জানায়, রিয়াদ মতিঝিলের ঘরোয়া হোটেলের কর্মচারী ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী বলে পরিচয় দেয়া জসিম।
জসিমের ভাষ্য মতে, দিবাগত রাত একটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে হোটেল মালিকের শান্তিনগরের বাসায় যাচ্ছিলেন রিয়াদ। তার সঙ্গে হোটেলের টাকা ছিল। শাপলা চত্বর এলাকায় অটোরিকশাটিকে থামার সংকেত দেয় দুর্বৃত্তরা। অটোরিকশা না থামায় তারা গুলি ছোড়ে। এতে রিয়াদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় টাকা খোয়া যায়নি।
রিয়াদের বড় ভাই পরিচয় দেয়া রিপনের অভিযোগ, চুরির অভিযোগ তুলে তার ভাইকে হত্যা করে এখন অন্য কথা বলা হচ্ছে।
তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।