সিদ্ধিরগঞ্জে বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হাতের শপিং ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সন্দেহজনক দুইজন ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাদের হাতের শপিং ব্যাগ তল্লাশী করে সাদা-কালো ডোরা কাটা একটি তক্ষক উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও ওজন ৮৫ গ্রাম। পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জ সদরের শহিদ নগর এলাকার মোঃ হোসেন (৩৮) ও চাঁদপুরের জহির চৌধুরী (৩৬)।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোঃ মিলন মোল্লা জানায়, গ্রেফতাকৃতরা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ সদর থানার শহিদনগর এলাকার আলী হোসেন নামক ব্যক্তির কাছে এই তক্ষকটি নিয়ে যাচ্ছিল। বহন করার বিনিময়ে তারা এক লাখ টাকা পাবে। প্রাণীটির কোন মূল্য নির্ধারণ করা যায়নি। তবে যশোরে এ ধরনের এক প্রাণীর মূল্য এক কোটি বলে শোনা গেছে। বণ্যপ্রাণী রাখার দায়ে তক্ষকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তক্ষকটি বর্তমানে থানায় আছে।
আরও পড়ুনঃ হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানায়, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধভাবে বন্যপ্রাণী নিজ নিয়ন্ত্রণে রেখে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৬/১২/৩৯ ধারায় অপরাধ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু