বগুড়ায় ৩ জামায়াত নেতা গ্রেফতার

পুলিশি তৎপরতায় বগুড়ার কোথাও মিছিল করতে পারেনি জামায়াত-শিবির। বুধবার সারাদেশে জামায়াত-শিবিরের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি জল কামান এবং রায়টকার শহরে মহড়া দেয়। 
 
এদিকে জেলা জামায়াতের তথ্য বিষয়ক উপদেষ্টাসহ  ৩জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ। বুধবার ভোররাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 
 
ইতিপুর্বে শহরের বিভিন্ন গলিতে পুলিশের চোখ ফাঁকি মিছিল করেছে জামায়াত-শিবির। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত শহরের কোথাও মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি।
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন- জেলা জামায়াতের তথ্য বিষয়ক উপদেষ্ট আব্দুল হাসিব বেগ (৫০) শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর ফেরদৌস আলম (৪০) এবং একই ইউনিয়নের সাবেক আমীর তোফাজ্জল হোসেন। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর বাসার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত নেতা আব্দুল হাসিব বেগ এর বিরুদ্ধে একাধিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। 
 
অপরদিকে শিবগঞ্জের মোকামতলা থেকে ২ জামায়াত নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।